দীর্ঘদিন পর ফুটবলের জাগরণ দেখলো নবীনগর
মোঃখলিলুর রহমান খলিলঃনবীনগর ঐতিহাসিক সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে শুক্রবার বিকেলে অনুষ্ঠিত জমকালো মরহুম মো. রফিকুল ইসলাম দেনু মিয়ার স্মরণে আয়োজিত দেড় লাখ টাকা প্রাইজমানির ফুটবল টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনালে নবীনগর পূর্বাঞ্চল নশরা বাড়ি ফুটবল একাদশ ও গাঙ্গেরকোট বজলুর রহমান একাদশের ফাইনে মাঠ দুপুরের পর থেকেই দর্শকদের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে যায়। খেলায় ২-১ গোলের ব্যবধানে জয়লাভ করে গাঙ্গেরকোটের বজলুর রহমান স্পোর্টিং ক্লাব।
প্রায় ১ যুগ পর নবীনগরে এত বড় পরিসরে ফুটবল টুর্নামেন্ট আয়োজন করায় স্থানীয় ক্রীড়াঙ্গনে প্রশংসা কুড়িয়েছেন জাবেদ ।
উপজেলা শ্রমিক দল ও নবীনগর সিটি ফুটবল ক্লাবের যৌথ উদ্যোগে আয়োজিত এ টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আবদুল মান্নান। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ জাতীয়তাবাদী কৃষক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক আবু হাসনাত আলম রাজীব ভূঁইয়া, অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) পিয়াস বাসক ও দেলোয়ার হোসেনসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ।
টুর্নামেন্টের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন খেলা পরিচালনা কমিটির সভাপতি মো. জাবেদুল ইসলাম (জাবেদ)। টুর্নামেন্ট পরিচালকের দায়িত্ব পালন করেন নবীনগর সিটি ফুটবল ক্লাবের কর্ণধার মো. জাহিদুল ইসলাম (জাহিদ)।
দেশি, বিদেশি ও জাতীয় পর্যায়ের খেলোয়াড়দের অংশগ্রহণে ম্যাচটি শুরু থেকেই ছিল উত্তেজনাপূর্ণ। প্রথমার্ধে গোল করে এগিয়ে যায় বজলুর রহমান স্পোর্টিং ক্লাব। দ্বিতীয়ার্ধে নশরা বাড়ি ফুটবল একাদশ সমতায় ফেরার চেষ্টা চালিয়ে একটি গোল শোধ করলেও শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে শিরোপা নিজেদের করে নেয় বজলুর রহমান স্পোর্টিং ক্লাব।
খেলা শেষে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিরা চ্যাম্পিয়ন ও রানার-আপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও প্রাইজমানির অর্থ তুলে দেন। টুর্নামেন্টে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন মো. সেলিম এবং টুর্নামেন্ট সেরা খেলোয়াড়ের পুরস্কার অর্জন করেন রিমন।