নোয়াখালী-২ আসনে নির্বাচনী হাওয়া: বিএনপির প্রার্থী আবদুল মান্নানের মনোনয়ন ফরম সংগ্রহ
প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের, ব্যুরো চীফ নোয়াখালী:
নোয়াখালী-২ আসনে বিএনপির প্রার্থী আবদুল মান্নান সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
রোববার ( ২১ ডিসেম্বর ) বেলা ২টা ৩০মিনিটের সময় নোয়াখালী-২ (সেনবাগ–সোনাইমুড়ী আংশিক) আসনে জাতীয় সংসদের আসন্ন ত্রয়োদশ নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। এরই ধারাবাহিকতায় নোয়াখালী জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য ও উক্ত আসনের সংসদ সদস্য প্রার্থী মোঃ আবদুল মান্নান সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
মনোনয়ন ফরম সংগ্রহকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলা বিএনপির সদস্য সাইফুল্লাহ মাসুদ, সেনবাগ পৌর বিএনপির আহবায়ক মোঃ মফিজুর রহমান (ভিপি মফিজ), সেনবাগ উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম টিপু, বিএনপি নেতা মামুন মেম্বার, সেনবাগ উপজেলা ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক মনির আহাম্মেদ জুলেটসহ বিএনপি ও অঙ্গসংগঠনের একাধিক নেতৃবৃন্দ।
এসময় সেনবাগ উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ছাড়াও প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। মনোনয়ন ফরম সংগ্রহকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মোঃ আবদুল মান্নানের এই পদক্ষেপ নোয়াখালী-২ আসনে বিএনপির নির্বাচনী প্রস্তুতিকে আরও দৃশ্যমান ও গতিশীল করেছে।