“ফ্যাসিস্ট প্রেতাত্মা এখনো সক্রিয়, কঠিন হবে আগামী নির্বাচন” — এম এ খালেক
মোঃ রোমন হায়দার (বাঞ্ছারামপুর), ব্রাহ্মণবাড়িয়া :
আগামী জাতীয় সংসদ নির্বাচন সহজ হবে না, কারণ ফ্যাসিস্ট প্রেতাত্মা এখনো সর্বত্র বিচরণ করছে— মন্তব্য করেছেন সাবেক সংসদ সদস্য ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য এম এ খালেক পিএসসি।
তিনি বলেন, “আগামী নির্বাচনে ধানের শীষ যাকে দেওয়া হবে, আমরা তার পক্ষেই নির্বাচনে কাজ করবো। ফ্যাসিস্ট প্রেতাত্মা এখনো সক্রিয়, তাই এই নির্বাচন হবে কঠিন।”
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে মাওলাগঞ্জ বাজার মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত যুবসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের সদস্য সচিব জিসান সরকার এবং সঞ্চালনায় ছিলেন পৌর যুবদলের আহ্বায়ক ঈমান আলী।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ ইলিয়াস, ব্যারিস্টার নাসের খান অপু, জেলা বিএনপির সদস্য কাজী দবির উদ্দিন, দেওয়ান নাজমুল হুদা, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আমিরুল ইসলাম সাজ্জাদ, ভিপি মজিব, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ওমর ফারুক, ঢাকা মহানগর (উত্তর) যুবদল নেতা লিটন সরকার, জালাল উদ্দিন বাদল, উপজেলা জাসাসের আহ্বায়ক এম এ সালাম, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাহিদুল ইসলাম ফাহাদ ও ইব্রাহিম সরকার প্রমুখ।
এসময় যুবদলের নেতা-কর্মীরা ঢাক-ঢোল বাজিয়ে র্যালি ও আনন্দ মিছিলে অংশ নেন। অনুষ্ঠানে বাঞ্ছারামপুর পৌর বিএনপি, উপজেলা যুবদলসহ অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং যুবশক্তির ভূমিকা নিয়ে আলোচনা করেন।
উপজেলা যুবদলের সদস্য সচিব জিসান সরকার বলেন, “যুবদল সবসময় জনগণের অধিকার আদায়ের আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এবং ভবিষ্যতেও সেই ভূমিকা অব্যাহত রাখবে।”
প্রধান অতিথি এম এ খালেক পিএসসি আরও বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছিলেন। তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের মধ্য দিয়ে সেই স্বপ্ন পূরণ করতে হবে। আগামী নির্বাচনে ধানের শীষের প্রার্থীর বিজয়ের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”