উত্তরা জোনের এসএসসি ২০০৫ ও এইচএসসি ২০০৭ ব্যাচের উদ্যোগে আনন্দঘন ইফতার মাহফিল
মোঃ বিল্লাল হোসেন (গাজীপুর)
রমজানের পবিত্রতায় বন্ধুত্বের বন্ধন আরও দৃঢ় করার প্রত্যয়ে রাজধানীর উত্তরা জোনে অনুষ্ঠিত হয়েছে এসএসসি ২০০৫ ও এইচএসসি ২০০৭ ব্যাচের বন্ধুদের এক আনন্দমুখর ইফতার মাহফিল।
গত ৬ এপ্রিল, রোজ শুক্রবার আয়োজিত এ মিলনমেলায় অংশ নেন শতাধিক বন্ধু ও তাদের পরিবারের সদস্যরা।
ইফতার মাহফিলের অন্যতম আকর্ষণ ছিল শিশুদের অংশগ্রহণে হামদ, নাত ও পবিত্র কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান। প্রায় ২৯ জন প্রতিযোগী এতে অংশ নেয়। প্রতিযোগিতায় বিজয়ীদের আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হয় এবং অংশগ্রহণকারী সব শিশুদের জন্যও ছিল সান্ত্বনা পুরস্কারের ব্যবস্থা।
উত্তরার স্কলার্স ইন্টারন্যাশনাল তাহফিয অ্যাকাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত এ আয়োজন শুধু পুরনো দিনের স্মৃতিচারণেই সীমাবদ্ধ ছিল না; বরং নতুন প্রজন্মের শিশুদের হাসি-কোলাহলে মুখরিত হয়ে ওঠে পুরো পরিবেশ। বাচ্চাদের মিষ্টি কণ্ঠে তেলাওয়াত ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ মুহূর্তেই উপস্থিত সবার হৃদয় ছুঁয়ে যায়।
বন্ধুত্ব, ভ্রাতৃত্ববোধ এবং নতুন প্রজন্মের মাঝে সুন্দর ইসলামী মূল্যবোধ ছড়িয়ে দেওয়ার লক্ষ্য নিয়ে আয়োজিত এই অনুষ্ঠানের সফল বাস্তবায়নে নিরলস পরিশ্রম করেছেন জনাব তাজুল, মেহেদী, ডা. সিডনি, সাইফুল্লাহ, ফিরোজ, শাহিন মোল্লা, ইন্জিনিয়ার আক্কাস আলী,ইন্জিনিয়ার রোহিদুল,মামুন সরকার, সোহেল রানা,সুজন,রেদোয়ান, আনোয়ার ও শিমুলসহ বহু বন্ধু।
আয়োজকরা জানান, উত্তরা জোনের বন্ধুরা সব সময়ই মানবিক ও পরস্পরের পরিপূরক হিসেবে কাজ করে আসছেন। তাদের সম্মিলিত প্রচেষ্টা ও আন্তরিক সহযোগিতায় এ ধরনের আয়োজন আরও বৃহৎ পরিসরে এগিয়ে নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন তারা। তাদের মতে, উত্তরা জোন শুধু একটি ভৌগোলিক এলাকা নয়; এটি যেন বন্ধুত্ব, ভালোবাসা ও পারস্পরিক সহযোগিতার এক দৃঢ় বন্ধন।