মাদকবিরোধী অভিযানে নোয়াখালীতে দুজনের জেল-জরিমানা
প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের, ব্যুরো চীফ নোয়াখালী:
নোয়াখালীর সদর উপজেলায় মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযানে ইয়াবা সেবনের অভিযোগে দুইজনকে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (৩ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম নিয়ামুল কবীর উৎসের নেতৃত্বে নোয়াখালী পৌরসভার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা অংশগ্রহণ করেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, নোয়াখালী পৌরসভার মধুপুর, দত্তেরহাট, মাইজদী বাজার, আয়কর অফিস এলাকা ও হাপার গোড়া এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় ইয়াবা সেবন করে জনসাধারণের শান্তি বিনষ্ট করার অভিযোগে ফায়েক আদনান ও আনোয়ার হোসেন সাদ্দামকে ঘটনাস্থলে আটক করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ফায়েক আদনানকে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড এবং আনোয়ার হোসেন সাদ্দামকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্ত ফায়েক আদনান (৩০) নোয়াখালী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের হরিনারায়ণপুর এলাকার মুসলিম কলোনির আলী আহাম্মদ মিয়া বাড়ির মৃত মাঈন উদ্দিন সোহেলের ছেলে। অপর দণ্ডপ্রাপ্ত আনোয়ার হোসেন সাদ্দাম (৩৫) সোনাপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের গোপাই এলাকার আব্দুল বারেক মিয়ার বাড়ির মৃত রুহলামিনের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নোয়াখালী কার্যালয়ের উপ-পরিচালক সুব্রত সরকার শুভ অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সংশ্লিষ্টরা জানান, মাদকদ্রব্যের অপব্যবহার ও মাদকসেবন প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি মাদকবিরোধী জনসচেতনতা কার্যক্রমও গুরুত্বপূর্ণ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের পাশাপাশি পরিবারের সদস্য, শিক্ষাপ্রতিষ্ঠান এবং স্থানীয় জনগণের সম্মিলিত ভূমিকার মাধ্যমে মাদকের বিস্তার প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়া সম্ভব।