কাইতলায় আল্লামা সাঈদী (রহ.)-এর স্মরণে আলোচনা ও দোয়া মাহফিলে স্মৃতিচারণে বক্তারা, মোনাজাতে আবেগঘন পরিবেশ
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কাইতলায় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী (রহ.)-এর জীবন ও কর্ম স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) কাইতলা যজ্ঞেশ্বর উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে স্থানীয় আলেম-উলামা, শিক্ষক, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা আল্লামা সাঈদী (রহ.)-এর দীর্ঘদিনের তাফসিরের খেদমত, ইসলামের প্রচার-প্রসার এবং মানুষের মাঝে দ্বীনি চেতনা জাগ্রত করার ভূমিকা তুলে ধরেন। তাঁর জীবন ও কর্ম থেকে শিক্ষা নিয়ে কুরআন-সুন্নাহর আলোকে ব্যক্তি, পরিবার ও সমাজ গঠনের আহ্বান জানান বক্তারা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাওলানা মোঃ আনিসুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিলেট ডিভিশনের অ্যাডভোকেট আব্দুল বাতেন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নবীনগর উপজেলা আমির মোখলেসুর রহমান।
এ সময় স্থানীয় আলেম, শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী (রহ.)-এর রুহের মাগফিরাত, দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাতে উপস্থিতিরা অংশ নিলে পুরো মিলনায়তনে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে এ প্লাস প্রাপ্ত কৃতি শিক্ষার্থী জান্নাত আক্তার নূরজাহানকে বিশেষ সংবর্ধনা দেওয়া হয়। এছাড়া জনাব ওবায়দুল খাদেম সংগীত পরিবেশন করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কাইতলা দক্ষিণ ইউনিয়নের সেক্রেটারি হাফেজ আসাদুল্লাহ।
কাইতলা থেকে — আনিস মুন্সী