বার্জার ঢাকা নর্থ সেলসে জিএসএম ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত :
মোঃ বিল্লাল হোসেন, গাজীপুর।
কর্মব্যস্ততার মাঝেও সহকর্মীদের মধ্যে সৌহার্দ্য, দলগত সমন্বয় ও সুস্থ বিনোদনের লক্ষ্যে বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের ঢাকা নর্থ সেলস টিমের উদ্যোগে ঢাকায় জিএসএম ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
গত ৯ জুলাই বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টায় রাজধানীর উত্তরার নর্থ এরিনা (সেক্টর-৭, রোড-৩২)-এ অনুষ্ঠিত এ প্রীতি ফুটবল ম্যাচে অংশ নেন ঢাকা নর্থ সেলস টিমের আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থক খেলোয়াড়রা।
উত্তেজনাপূর্ণ এই ম্যাচে আর্জেন্টিনা দল ৬-১ গোলে ব্রাজিল দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
অনুষ্ঠানের প্রধান সমন্বয়ক ছিলেন মো. আল আমিন আহমেদ (ম্যানেজার-ট্রেড)। টিম সমন্বয়কের দায়িত্ব পালন করেন মো. শোয়েব (এএসএম) ও মোহাম্মদ আরিফুর রহমান (এএসএম)।
ম্যাচের উদ্বোধন করেন বার্জার পেইন্টসের মো. নজরুল ইসলাম জিএসএম (ট্রেড)। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা নর্থ সেলস টিমের রিজিওনাল সেলস ম্যানেজার মোস্তাফিজুল করিম।
উদ্বোধনী বক্তব্যে নজরুল ইসলাম খেলোয়াড়দের শৃঙ্খলা, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও খেলোয়াড়সুলভ মনোভাব বজায় রেখে প্রতিযোগিতায় অংশ নেওয়ার আহ্বান জানান। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে ঢাকা নর্থ সেলস টিম বার্জার পেইন্টসের জাতীয় পর্যায়ের ক্রীড়া প্রতিযোগিতায়ও সাফল্য অর্জন করবে।
মোস্তাফিজুল করিম বলেন, কর্মক্ষেত্রে যেমন সেরা হওয়ার চেষ্টা অব্যাহত রাখতে হবে, তেমনি খেলাধুলার মাধ্যমেও দলগত চেতনা ও নেতৃত্বের গুণাবলি বিকাশের সুযোগ রয়েছে।
৪০ মিনিটের এই ম্যাচে শুরু থেকেই ছিল আক্রমণাত্মক ফুটবল ও জমজমাট প্রতিদ্বন্দ্বিতা। মাঠে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের লড়াই ছিল উত্তেজনাপূর্ণ, তবে মাঠের লড়াই শেষ হওয়ার পর উভয় দলের খেলোয়াড়রা একে অপরের প্রতি সৌহার্দ্য ও সম্মান প্রদর্শন করেন। আয়োজকদের ভাষ্য, খেলাধুলা সহকর্মীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
সেলস টিমের সদস্যরা যেমন বাজারে প্রতিযোগিতার মাধ্যমে নিজেদের দক্ষতা প্রমাণ করেন,ঠিক তেমনি মাঠেও আর্জেন্টিনা দল সুকৌশলে আক্রমণাত্মক ফুটবল খেলা উপহার দিয়ে ৬-১ গোলের বড় ব্যবধানে ব্রাজিল দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।
রানার্সআপ ব্রাজিল দলের নেতৃত্ব দেন আরাফাতুল হক সুমন।
চ্যাম্পিয়ন আর্জেন্টিনা দলের অধিনায়ক ছিলেন জিসান। আর্জেন্টিনা দলের পৃষ্ঠপোষক ও পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করেন মোহাম্মদ আরিফুর রহমান।
ম্যাচের সেরা খেলোয়াড় (ম্যান অব দ্য ম্যাচ) নির্বাচিত হন হাসমত হোসাইন। তিনি একাই চারটি গোল করে দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।
পুরো ম্যাচজুড়ে দর্শকদের করতালি, উচ্ছ্বাস ও অনুপ্রেরণা খেলোয়ারদের বাড়তি শক্তি যুগিয়েছে।
আয়োজকদের মতে, কর্মব্যস্ততার পাশাপাশি এ ধরনের ক্রীড়া আয়োজন সহকর্মীদের মধ্যে সম্প্রীতি,নেটওয়ার্কিং, পারস্পরিক সহযোগিতা এবং দলগত কাজের মানসিকতা আরও শক্তিশালী করতে সহায়ক ভূমিকা রাখবে।