সেনবাগে ফায়েম হত্যা মামলার মূল আসামিসহ ৮ জন গ্রেপ্তার
প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের, ব্যুরো চীফ নোয়াখালী:
নোয়াখালীর সেনবাগে থানা পুলিশের বিশেষ অভিযানে আরাফাত ফায়েম হত্যা মামলার মূল আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িত ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) পরিচালিত পৃথক অভিযানে তাদের আটক করে আদালতে সোপর্দ করা হয়।
পুলিশ সূত্র জানায়, নবীপুর ইউনিয়নের দেবীসিংহপুর গ্রামের কিশোর আরাফাত ফায়েম (১৭) হত্যা মামলার মূল আসামি হারুন অর রশিদকে (৪২) গ্রেপ্তার করা হয়েছে। দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে থাকা এই আসামিকে গ্রেপ্তারের মাধ্যমে মামলার তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এছাড়া মাদকবিরোধী অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোজাম্মেল হক এবং ১৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ শেখ কামালকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
অভিযানে আরও একজন জিআর গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি এমাম হোসেনকে (৩৭) আটক করা হয়। পাশাপাশি ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় আরও চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সেনবাগ থানা পুলিশ জানায়, উপজেলার বিভিন্ন এলাকায় অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ এবং ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তারে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় বিশেষ এই অভিযান পরিচালিত হয়।
সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুর রহিম সরকার বলেন, "আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। বিশেষ অভিযানে ফায়েম হত্যা মামলার মূল আসামিসহ মোট ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।"
তিনি আরও বলেন, মাদক, সন্ত্রাস ও অপরাধ নির্মূলে সেনবাগ থানা পুলিশের অভিযান ভবিষ্যতেও জোরদারভাবে চলমান থাকবে।