সেনবাগে বিএনপির বিতর্কিত আহবায়ক কমিটির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
মোহাম্মদ আবু নাছের, নোয়াখালী:
নোয়াখালীর সেনবাগ উপজেলা বিএনপি ও সেনবাগ পৌর বিএনপির নবগঠিত বিতর্কিত আহবায়ক কমিটির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ( ৯ সেপ্টেম্বর ) বিকেলে সেনবাগ উপজেলা ও পৌর বিএনপির নোয়াখালী -২ আসন থেকে ৫ বার নির্বাচিত সংসদ সদস্য ও সাবেক বিরোধী দলীয় চীফ হুইপ জয়নুল আবেদীন ফারুক সমর্থিত সেনবাগ উপজেলার বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন থেকে অসংখ্য নেতাকর্মী মিছিল নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে সেনবাগ থানার মোড় জিরো পয়েন্টে প্রতিবাদ সমাবেশে অনুষ্ঠিত হয়।
সমাবেশে সেনবাগ উপজেলা বিএনপির বর্তমান বিতর্কিত আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক বক্তব্যে অভিযোগ করে বলেন, গঠিত আহবায়ক কমিটিতে ত্যাগী, পরীক্ষিত ও দলীয় আন্দোলনে সক্রিয় নেতাকর্মীদের বাদ দিয়ে অযোগ্য ও বিতর্কিত ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হয়েছে। এতে তৃণমূল বিএনপির মাঝে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।
তিনি আরও বলেন, তৃণমূল নেতাকর্মীদের মতামত উপেক্ষা করে গঠিত এসব কমিটি সেনবাগে বিএনপির সাংগঠনিক কার্যক্রমকে বাধাগ্রস্ত করবে। অবিলম্বে বিতর্কিত আহবায়ক কমিটি বাতিল করে যোগ্য, ত্যাগী ও আন্দোলনশীল নেতাদের সমন্বয়ে নতুন কমিটি গঠনের দাবি জানান।
এসময় উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সাবেক আহবায়ক আবদুল হান্নান লিটন, ফারুক বাবুল, জিএস শহিদ, সাহেব উদ্দিন রাসেল, আক্তার হোসেন ভূঞা, বিভিন্ন ইউনিয়ন, পৌর বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণ।